
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে চকবাজারের ওই প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। পরে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ছয়তলা ভবনটির চতুর্থ তলায় প্লাস্টিকের গুদাম রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।