ঢাকার কেরানীগঞ্জে একটি রেস্টুরেন্টে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার(২৮শে অক্টোবর) রাত ৯টায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তায় এলাকায় বাসন্তী রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুড নামক একটি প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। এ সময় পাঁচ ছয়জনের একটি অস্ত্রধারী দল মুখে কাপড় বেঁধে দরজার থাই গ্লাস ভেঙে প্রতিষ্ঠানটির ভিতরে প্রবেশ করে প্রথমেই সিসি ক্যামেরা ভাঙচুর করে। পরবর্তীতে আসবাবপত্রের বেশ কিছু ক্ষতি সাধন শেষে ক্যাশ কাউন্টারে বসে থাকা ম্যানেজারকে অস্ত্র ঠেকিয়ে ৭৬ হাজার টাকা লুটে নেয় ও মালিকের ছেলে সাকিলের কাছে থাকা ১ টি স্মার্ট ফোন কেরে নেয় । এ সময় রেস্টুরেন্টে অবস্থান করা কাস্টমাররা আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে যান।
প্রতিষ্ঠানের মালিক বাবুল মিয়া অভিযোগ করেন, শুক্রবার রাতে কোন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে একদল সন্ত্রাসী আমার প্রতিষ্ঠানে এসে ভাংচুর ও লুটপাট চালিয়ে ক্যাশ থেকে রক্ষিত ৭৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। কি কারনে কারা এমন ঘটনা ঘটিয়েছে এ প্রসঙ্গে তিনি জানান, গত বৃহস্পতিবার এলাকার মাদক ব্যবসায়ী কাল্লু ও আলাল কে মাদকসহ আমার মেয়ের জামাই সবুজ স্থানীয়দের সহায়তায় র্্যাবের কাছে হস্তান্তর করে। সে ঘটনার প্রতিশোধ নিতে হামলা করা হতে পারে। ঘটনার পরপরই ৯৯৯ ফোন দিলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় প্রতিষ্ঠান মালিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।