
সোমবার (১৩ জুলাই) বিকেলে সিআইডির সহায়তায় কঙ্কালটি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, পারিবারিক নির্যাতনের অভিযোগ নিয়ে ফাল্গুনী খাতুন থানায় এলে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, গত রমজান মাসে তার স্বামী এক ইজিবাইক চালককে বাড়িতে এনে হত্যা করে বাড়ির আঙিনায় মরদেহ পুঁতে রাখেন।
এ তথ্যের ভিত্তিতে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ঘটনাস্থলে অভিযান চালায়। পরে বাড়ির মালিককে হেফাজতে নিয়ে তার দেখানো স্থান থেকে সিআইডির সহায়তায় বাড়ির আঙিনা খুঁড়ে বিকেল সাড়ে ৩টার দিকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রমজান মাসের কোনো এক সময়ে ওই ব্যক্তিকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে।
পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তির পরিচয়, হত্যার উদ্দেশ্য এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তদন্ত ও আদালতের কার্যক্রম শেষে ঘটনার প্রকৃত সত্যতা নির্ধারিত হবে।