
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির জোট কিছু দিন পর পর সাপের মতো খোলস বাদলায়। সাপ যেমন কিছু দিন পরপর খোলস বদলায়, বিএনপিও একই দশা। কোনো সময় ২০ দল হয়, কোনো সময় ২৪ দল হয়, আবার ১২ দল হয়। এখন বলছে ৩৩ দল। ৩৩ দলের মধ্যে ৩০ দল খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। হাতেগোনা কয়েকটি দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্ব দল।
আজ শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির গণমিছিলের প্রতিবাদে সতর্ক অবস্থান রয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সেখানে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘আজকের বিএনপির গণমিছিলে ঢাকা শহরের মানুষ আতংকিত। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। কেউ যাতে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব।’