
কেরানীগঞ্জ (ঢাকা): জনগনকে নিরাপত্তা দিতে পুলিশ সব সময় আপনার দোরগোড়ায় বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।
আজ (২২ জানুয়ারি) রবিবার বিকালে কেরানীগঞ্জ দক্ষিণ থানার আবদুল্লাহপুর বাস ষ্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ও বিট পুলিশিং অফিসের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।
আসাদুজ্জামান বলেন, “জনগনকে নিরাপত্তা দিতে পুলিশ সব সময় আপনার দোরগোড়ায়। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও আবদুল্লাহপুর এলাকাটিতে চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম রোধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওতাধীন এ বীট পুলিশিং বক্সটি আপনাদের নিরাপত্তার সেবায় নিয়োজিত থাকবে। এছাড়াও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এ বিট পুলিশিং সবচেয়ে বেশি ভূমিকা রাখবে।”
তিনি আরো বলেন, “যারা অত্র এলাকার অধিবাসী ও এই এক্সপ্রেসওয়ে সড়ক দিয়ে যাতায়াত করবেন তাদের যে কোনো সেবায় এই পুলিশ বাহিনী ও এই স্থাপনাটি যাতে ব্যবহার করতে পারি। যারা যাত্রী থাকবেন তাদের যেকোনো প্রয়োজনে যাতে এই বক্সটি ব্যহার করতে পারে।”

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদে, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক ) আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( কেরানীগঞ্জ সার্কেল ) শাহাবুদ্দিন কবীর। এছাড়া তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ লাট মিয়া, আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড মেম্বার হাজি মোঃ ওহেদুজ্জামান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ নেতা শিপু আহমেদ, আব্দুল্লাহপুর এলাকার স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীরা ও দক্ষিণ থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এ সুধী সমাবেশ উপস্থিত ছিলেন।