
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
হারিয়ে যাওয়ার আড়াই বছর পর মালয়েশিয়া ঘুরে চাঁদপুর থেকে উদ্ধার হলো ঢাকার কেরানীগঞ্জের মামুনের মোবাইল ফোন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর পুলিশ বক্সে ফোনটির মালিক মামুনের হাতে মোবাইলটি তুলে দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. সুজেল মিয়া।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের নাজিরপুর এলাকা থেকে মামুনের শাওমি রেডমি নোট ১২ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরদিন তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘদিন অপেক্ষার পরও ফোনটির সন্ধান না পেয়ে একপর্যায়ে সেটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন তিনি।
সম্প্রতি এএসআই সুজেল মিয়ার উদ্যোগে ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধারের খবর জানতে পেরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন মামুন। এরপর কয়েক দিনের মধ্যেই নিজের হারানো ফোন উদ্ধারের খবর পান তিনি।
পুলিশ জানায়, ফোনটি হারানোর পর একটি চক্রের মাধ্যমে মালয়েশিয়ায় নিয়ে বিক্রি করা হয়। পরে মালয়েশিয়ায় অবস্থানরত এক প্রবাসী ফোনটি কিনে ব্যবহার করছিলেন। ওই প্রবাসী ছুটিতে দেশে ফিরে চাঁদপুরে অবস্থানকালে ফোনটি প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। পরে তাঁর কাছ থেকে ফোনটি উদ্ধার করে পুলিশ।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন মামুন। তিনি বলেন, ফোন হারানোর পরদিনই থানায় জিডি করেছিলাম। কিন্তু দীর্ঘদিনেও কোনো খোঁজ না পাওয়ায় আশা ছেড়ে দিয়েছিলাম। পরে এএসআই সুজেল মিয়ার ফোন উদ্ধারের খবর পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করি। কয়েক দিন পর তিনি ফোন করে জানান, আমার ফোন উদ্ধার হয়েছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি। ফোনটি হাতে পেয়ে খুবই আনন্দিত হয়েছি।
এ বিষয়ে এএসআই মো. সুজেল মিয়া বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারলে ভালো লাগে। প্রচারের জন্য নয়, মানুষের উপকার করার উদ্দেশ্যেই কাজটি করি। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে এ পর্যন্ত অন্তত ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছি।