
উত্তরের হাওয়ায় বাড়ছে শীতের আমেজ। দিনের উষ্ণতা কমতে শুরু করতেই শীতের পোশাকের চাহিদা বাড়ছে। আর এ চাহিদাকে কেন্দ্র করে জমে উঠতে শুরু করেছে ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাকপল্লি। সোয়েটার, জ্যাকেট, হুডি, ব্লেজার ও কার্ডিগানসহ নানা ধরনের শীতের পোশাক কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।
বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ এই পোশাক বাজারে এখন শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের চাহিদা বিবেচনায় দোকানগুলোতে স্থান পেয়েছে নতুন নতুন ডিজাইন ও বাহারি রঙের পোশাক।
প্রতিবছর শীত মৌসুমে কালিগঞ্জ পোশাকপল্লিতে বেচাকেনা বাড়ে। এবারও শীতের আগমনী বার্তায় বাজারে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে পোশাক সংগ্রহ করে নিজ নিজ এলাকার বাজারে সরবরাহ করেন। ফলে শীত মৌসুমে এ বাজারকে ঘিরে তৈরি হয় বাড়তি কর্মচাঞ্চল্য।
ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতেই ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন ডিজাইনের পোশাক দোকানে তোলা হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়বে বলে আশা করছেন তারা। অন্যদিকে ক্রেতাদের প্রত্যাশা, তুলনামূলক সাশ্রয়ী দামে পছন্দের শীতের পোশাক সংগ্রহ করতে পারবেন।
কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাকপল্লিকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় ১০ হাজার ছোট-বড় পোশাক কারখানা। এসব কারখানায় উৎপাদিত পোশাক দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ব্যবসায়ীদের দাবি, দেশের মোট পোশাকের চাহিদার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই পোশাকশিল্পকেন্দ্র।
কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘দেশের পোশাক সরবরাহ ব্যবস্থায় কালিগঞ্জ পোশাকপল্লির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সব মিলিয়ে শীত মৌসুমকে সামনে রেখে নতুন পোশাকের বিপুল সমাহারে প্রস্তুত কালিগঞ্জ পোশাকপল্লি। শীত যত বাড়বে, ততই বাড়বে ক্রেতাদের পদচারণা—এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের।