
বিএনপি আন্দোলন জমাতেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির এক সেমিনার শেষে একথা বলেন তিনি। নারায়ণগঞ্জে সংঘর্ষের দায় বিএনপির উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষার অধিকার তাদের আছে।
সামনের দিনগুলোতে দলটির আন্দোলনে সহিংস উপাদান যুক্ত হতে পারে বলে শঙ্কা করেন ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনে জিততে পারবে না জেনে তারা সহিংসতার পথ বেছে নিয়েছে, আবারও আগুন সন্ত্রাস হতে পারে।
নিহত শাওন প্রসঙ্গে তিনি বলেন, কোনো ঘটনায় কেউ মারা গেলেই বিএনপি এখন নিজেদের কর্মী বলে দাবি করে।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনও কাউকে আক্রমণ করবে না। তবে আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে। নির্বাচনে শেখ হাসিনা সরকারকে হঠাতে পারবে না জেনে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপির এখন যারা কর্মী, তারা দুর্বৃত্ত হয়ে গেছে, তাদের বিরুদ্ধে মামলা আছে। বিএনপির লোকজন অপরাধী হলে তাদের আইনের আওতায় নিলে কেন এত আপত্তি? যারা সন্ত্রাসী মামলার আসামি, তাদের যদি এসব অপরাধের জন্য পুলিশ ধরে তাহলে কি পুলিশের অপরাধ?’ ওবায়দুল কাদের বলেন, খারাপ কাজ ও অপরাধ যারা করবে তারা আওয়ামী লীগের হলেও কোনো প্রকার ছাড় দেয়া হবে না। বলেন, যে অপরাধ করবে সে যেই দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেমিনারে সভাপতিত্ব করেন বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল রহমান। এ সময় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দীন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্যসচিব দেলোয়ার হোসেন।