
কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মো: মোকলেস মিয়া (৩৮)কে খুনের অভিযোগে রায়হান (২০),হিমেল (২০) ও জিহান (১৯) নামে তিন জনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত মোকলেস তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের মোসলেম মিয়ার পূত্র। রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রাম থেকে ঐ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল (রবিবার) বিকালে মোকলেস মিয়া জমিতে কৃষিকাজ করার সময় প্রতিপক্ষ জাহাঙ্গীরের তিনপূত্র ও তার সহযোগীরা মিলে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় মোকলেসের ডাকচিৎকারে সবাই ঘটনাস্থলে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মোকলেসকে কলাতিয়া হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যেলে নিয়ে যাওয়ার সময় পথেই মোকলেস মারা যায়।
নিহতের পিতা মো: মোসলেম জানান, তাদের পাশের বাড়ির প্রতিবেশী জাহাক্সগীর মিঞার সাথে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত দুই বছর আগে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে নিহত মোকলেসের পরিবারের সাথে জাহাক্সগীরের মিলমিশ করিয়ে দেয়া হয়। গতকাল (রবিবার) বিকালে তার ছেলে মোকলেস জমিতে কৃষিকাজ করছিলো। এমন সময় জাহাঙ্গীরের তিন ছেলে রায়হান,হিমেল ও জিহানসহ আরো কয়েকজন মিলে মোকলেসকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। আমি আমার সন্তান হত্যাকারীদের বিচার চাই।
কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।