
স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শনিবার দুপুর দুইটা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সম্মেলন। সম্মেলন উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢল নেমেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।
বিএনপির সভা সমাবেশের বিপরীতে আজকে সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। এজন্য ঢাকা জেলার পাঁচটি উপজেলায় দফায় দফায় বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় অধিবেশনে ঘোষণা করা হবে নতুন নেতৃত্বের নাম।
এর আগে, সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বাদ্য বাজনার তালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সম্মেলনে জড়ো হন তারা।
দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ এ ৫ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে উপজেলাগুলোতে সাজ সাজ রব পড়ে গেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জেলার নেতাকর্মীদের মধ্যে। নেতাকর্মী ও সমর্থকরা রাতের ঘুম হারাম করে নিজ নিজ প্রার্থীকে জয়ী করতে প্রচার-প্রচারণা চালিয়েছেন। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলাগুলো।
এতদিন পর্যন্ত ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন রাজধানীর বাইরে হলেও, এবার খোদ নগরীতে আয়োজনের কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে এটি।
সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।