
পিরোজপুরঃ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনা আমাদের একমাত্র সেনাপতি। শেখ হাসিনার নির্দেশে আমরা চলবো। তিনি আমাদের যে নির্দেশ দিবেন সে নির্দেশ মত আমরা চলবো। তিনি যে ভাবে নির্দেশ দিবেন সেইভাবে কমিটি ঘোষনা করা হবে। কে সভাপতি কে সাধারণ সম্পাদক এটা আমাদের দেখার বিষয় নয়।
তিনি আজ রবিবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।
পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালী যুক্ত হয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিলেন, বঙ্গবন্ধুকে হত্যার বিচার ও যুদ্ধাপরাধের বিচার করে বাংলাদেশকে পাপ মুক্ত করবো। তিনি অসীম সাহসিকতার সাথে সে কাজটি করেছেন। শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ ছিল কন্টাকাকীর্ন। প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর ঝুকিতে। ১৯ বার তার প্রাণনাশ করার চেষ্টা করা হয়েছে। তিনি কখনো পিছপা হননি। তিনি অকুতোভয়ে এগিয়ে গেছেন, আজকে তিনি সফলতা এনেছেন।