
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত একটি বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।
ফিলিপাইন বিমান বাহিনী জানায়, দুর্ঘটনাকবলিত বিমান দুটি ছিল এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত প্রশিক্ষণ বিমান। প্রশিক্ষণ চলাকালে সংঘর্ষের পর বিমান দুটি ফার্নান্দো বিমানঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়।
দেশটির বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় চার পাইলটের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর সব এসএফ-২৬০ মডেলের বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও উত্তর ফিলিপাইনের বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হন। সাম্প্রতিক সময়ে দেশটির সামরিক বিমানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।