
নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়—অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ।’
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সার্বভৌমত্ব র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে দেশের মুক্তিকামী জনগণকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লাখো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের হারানো অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম সফল হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার কাজে এগিয়ে আসতে হবে।
জনগণের শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, এ দেশের মানুষ ১৯৭১ সৃষ্টি করতে পারে, ১৯৭৫ সৃষ্টি করতে পারে, আবার ২০২৪-ও গড়ে তুলতে পারে। এ দেশের মানুষকে কখনো দাবিয়ে রাখা সম্ভব নয়।
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকারে বিশ্বাসী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনায় উজ্জীবিত হওয়ার দিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অক্ষুণ্ন রাখতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তব্য শেষে তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি বের হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।