
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
সোমবার (২ নভেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।
ডিবি পুলিশের এসআই ইয়াকুব আলীর নেতৃত্বে প্রথম অভিযানটি চালানো হয় কেরানীগঞ্জ মডেল থানাধীন আতাশুর এলাকায়। সোমবার রাত পৌনে ১০টার দিকে ওসমান গনি স্টিল করপোরেশনের পশ্চিম পাশে রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মহিদুল ইসলাম মৃদুল (২৭), ২০ পিস ইয়াবাসহ পারভেজ (২২), ২০ পিস ইয়াবাসহ রাফি হোসেন রুবেল (৩০) এবং ১০ পিস ইয়াবাসহ হৃদয় দেওয়ান (২৬) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ডিবির এসআই মহরম আলীর নেতৃত্বে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পেটুক রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ১ কেজি গাঁজাসহ মো. মনির (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।