
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশগামী ও বাংলাদেশ থেকে বহির্গামী মোট ১৫৯টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৭২১ জন যাত্রী।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে ৮২টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিল বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থা।
বিমান সংস্থাভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং ইন্ডিগোর ৩০টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।
এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটও এ পরিস্থিতির শিকার হয়েছে।
এদিকে ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখতে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের ভোগান্তি কমাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বেবিচক। সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণের কাজ চলছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।