
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।