
মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, প্রথম দফায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আসামি কৌশলে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তাঁকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে গত শনিবার গ্রেপ্তারের পর দীপকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। মঙ্গলবার তাঁর প্রথম দফার রিমান্ড শেষ হওয়ার কথা। এদিকে একই মামলায় গ্রেপ্তার হওয়া এক তরুণীও বর্তমানে চার দিনের রিমান্ডে রয়েছেন। গত রোববার আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন সাবেক বৈমানিক কে এম তাহসিফ সৌরি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন বিকেলে রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এ ঘটনায় গত ৩১ অক্টোবর রাতে নিহতের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তে দীপের সম্পৃক্ততার অভিযোগ সামনে আসার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এখন হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।