
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারী, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) দায়িত্ব পেয়েছেন।
এর মধ্যে মুন্সীগঞ্জের বর্তমান পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম-সেবাকে নীলফামারীতে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে। এর আগে তাঁকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে আগের সেই আদেশ বাতিল করা হয়েছে।
অন্যদিকে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবাকে জামালপুরে বদলি করা হয়েছে। বরগুনার নতুন পুলিশ সুপার হয়েছেন পুলিশ সদর দপ্তরের এসআরবির পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী।
জেলা পর্যায়ের এই রদবদলের পাশাপাশি পুলিশের অন্যান্য ইউনিটেও পরিবর্তন আনা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার মোহা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া গত ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নেত্রকোনার বিশেষ পুলিশ সুপার (সিআইডি) হিসেবে মো. তরিকুল ইসলামের বদলির আদেশও বাতিল করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হলো।