
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। রোববার (১ নভেম্বর) গাজার খান ইউনিস ও গাজা সিটিতে পৃথক ড্রোন হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিলেন সেখানে দায়িত্ব পালনরত একদল পুলিশ সদস্য। আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করার সময় তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
এদিকে, উত্তর গাজার গাজা সিটির রিমাল এলাকায় আরেকটি ড্রোন হামলায় চার বছরের এক শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। আল-শিফা হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া আগের একটি হামলায় গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়েছে।
এসব হামলার নিন্দা জানিয়ে হামাস এক বিবৃতিতে ঘটনাগুলোকে পরিকল্পিত যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত দেড় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন হামলার পর ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় অন্তত ৭৪ হাজার ৫৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।