
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন বোদা উপজেলার সাতখামার এলাকার সাজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং একই ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইয়ানুর ও তাঁর ফুফাতো ভাই সাব্বির একটি মোটরসাইকেলে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে জীবন ও সাজ্জাদ অপর একটি মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে বসুনিয়াহাটের দিকে যাচ্ছিলেন। পথে ধরধরা পুল এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার আরোহী আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁদের রংপুরে পাঠান। রংপুরে নেওয়ার পথে ইয়ানুরের মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন আহত হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।