
ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়েছে যাত্রীবাহী একটি মিনি বাস। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ভাবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে টেকেরহাটগামী মিনি বাসটি ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।