
গাজীপুর প্রতিনিধি:
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকার দেড় শতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ভোগড়া, নাওজোর ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়া হয়। নাওজোর এলাকায় পুলিশের একটি গাড়ি এবং সফিপুর এলাকায় একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এসব ঘটনায় কয়েকজন সাংবাদিক ও বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
শ্রমিকদের বিক্ষোভ ও সহিংস পরিস্থিতির কারণে বিভিন্ন এলাকার দেড় শতাধিক পোশাক কারখানায় সোমবারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, দুপুর থেকে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকরা পুলিশের গাড়িসহ দুটি যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। এসব ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে।